বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ। 
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী এয়ারবাসের কাছ থেকে চারটি সুপ্রশস্থ (ওয়াইড) বডির এ-৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ-৩২১ নিও উড়োজাহাজ কিনছে বিমান।
এয়ারবাসের দাবি অনুযায়ী, এ-৩৫০-৯০০ মডেলের ওয়াইড বডির উড়োজাহাজগুলো ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী ও কম কার্বন নিঃসরণ করে। বিজনেস ক্লাস, ইকোনমি ফার্স্ট ক্লাস ও ইকোনমি ক্লাস এরকম তিন শ্রেণির আসন বসালে এ মডেলের একেকটি উড়োজাহাজে ৩৩২ থেকে ৩৫২ জন যাত্রী বসতে পারেন। শুধু ইকোনমি ক্লাসের আসন বসালে এ মডেলের একটি উড়োজাহাজে ৪৮০ পর্যন্ত আসন বসানো যায়।
একটি ৩৫০-৯০০ মডেলের উড়োজাহাজ একেবারে ১৮ হাজার কিলোমিটারের মতো উড়তে পারে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের।
এয়ারবাস এ ৩২১- নিও সিরিজের উড়োজাহাজগুলো মাঝারি সংখ্যক যাত্রী ধারণ ক্ষমতার। এ মডেলের উড়োজাহাজ একেবারে সাড়ে ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে। ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসসহ দুই শ্রেণিতে এই ধরনেরর একেকটি উড়োজাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ১৮০ থেকে ২২০ জন। শুধু ইকোনমি আসন বসালে এই উড়োজাহাজে ২৪৪টি পর্যন্ত আসন বসানো যেতে পারে।
এখন পর্যন্ত বিমান ২৪টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে চলাচল করছে। এর মধ্যে উত্তর আমেরিকায় কেবল কানাডার টরন্টো এবং ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার এবং ইতালির রোমে বিমানের ফ্লাইট রয়েছে। বাকি ফ্লাইটগুলো সব মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যেই। নতুন যুক্ত হওয়ার ৩৫টি উড়োজাহাজ দিয়ে বিমান পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় যেতে পারবে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে