দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় ১২ সাংবাদিক আটক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ।
রোববার বিক্ষোভের দ্বিতীয় দিনে আটক হওয়া সাংবাদিকদের মধ্যে ‘হিন্দুস্তান’, 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' এবং 'দ্য হিন্দু' এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের কর্মীরা রয়েছেন।
হিন্দুস্তানের আশিস সিং জানান, বেলা আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং তিনি আহত হন। তার কাছে সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকলেও পুলিশ তা আমলে নেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আলোকচিত্রী জানান, বিক্ষোভকারীদের আটকের ছবি তোলার সময় পুলিশ তাকেও আটক করে। তার ভাষ্য অনুযায়ী, পুলিশ প্রথমে পথচারীদের সরিয়ে দিচ্ছিল, পরে সাংবাদিকদের আটক করতে শুরু করে।
তবে সাংবাদিকদের আটকের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।