ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ বিবেচনা করে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
তিনি আরও বলেন, সব জেলাতেই নির্বাচন শুরু করব একসঙ্গে। আশা করছি, সেই ক্ষেত্রে আমরা সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেব। অন টপ অফ দ্যাট, যে ইউনিয়ন পরিষদগুলো ম্যাচিউর হয়ে গেছে বা ওভারডিউ হয়ে গেছে, বেশিদিন হয়ে যাচ্ছে, সেগুলো অগ্রাধিকার পাবে। আর সাবসিকোয়েন্টলি (পরে) আমরা চেষ্টা করব অ্যালফাবেটিক্যালি (বর্ণানুক্রমিকভাবে) সাজাতে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।