বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, নির্দেশ না মানলে ব্যবস্থা নেবে বিআরটিএ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের সামনের দিকেও এখন নম্বরপ্লেট লাগাতে হবে। এটি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এত দিন শুধু পেছনে ডিজিটাল নম্বরপ্লেট ছিল। এবার সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট যোগ করতে হবে। মালিকদের নিজের উদ্যোগেই এ নম্বরপ্লেট বসাতে হবে। এর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএ'র জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করার বিধান রয়েছে। 
তবে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে পেছনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
প্রাথমিক পর্যায়ে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
স্কুটার ও অন্য মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ আলাদা করা হয়েছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। স্কুটার ছাড়া অন্য সাধারণ মোটরসাইকেলের প্লেট হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া।
দুই ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। 
মোটরসাইকেল মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট বসানোর আহ্বান জানিয়েছে বিআরটিএ।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে