শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে দেশটির প্রধান প্যারিস মার্চের মূল কর্মসূচি তখনো শুরুই হয়নি।
বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে লিঁও এবং রেনে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় বিক্ষোভে সংঘর্ষের জেরে দুই কিশোরী আহত হয়েছে বলে বিএফএমটিভি সূত্রে জানা গেছে।
গত এক সপ্তাহ ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের পর দেশজুড়ে ৫৬০টিরও বেশি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে রাজধানী প্যারিসসহ বিভিন্ন জেলায় মোট ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।
উদ্ভূত পরিস্থিতিতে প্যারিসের পুলিশ প্রধান পাত্রিস ফোর শিক্ষার্থীদের স্কুল অবরোধ ছেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এর পেছনে পেশাদার দাঙ্গাবাজদের হাত রয়েছে বলে অভিভাবকদের সতর্ক করেছেন তিনি।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।