ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংককে তিন মাসের জন্য ৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শতভাগ গ্যারান্টির বিপরীতে ১০ শতাংশ সুদে এ অর্থ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে ন্যাশনাল ব্যাংক ঋণের টাকা ফেরত দিতে না পারলে গ্যারান্টির শর্ত অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে সোনালী ব্যাংককে অর্থ পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে শতভাগ গ্যারান্টির বিপরীতে ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে।
সম্প্রতি পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ও নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক খেলাপি ঋণ আদায়, আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও দিকনির্দেশনার আলোকে সোনালী ব্যাংকের এ অর্থায়ন ন্যাশনাল ব্যাংকের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।