বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে তাকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। তার সফর শেষে রাতেই বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, রাত ১১টার মধ্যে তাকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন পাওয়ার পর ইউসুফ আলী তার দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি রাজশাহী ত্যাগ করেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় বিভাগীয় কমিশনারের দিকে হাত বাড়ালে তিনি এক ধাপ এগিয়ে যান। হাত মেলানোর সময় অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে