জাতীয়
আজ বিশ্ব মান দিবস
টিএইচটি রিপোর্ট • ১৪ অক্টোবর, ২০২৬
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আজ বুধবার দেশে পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস।এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে গুরুত্ব দিয়ে নির্ধারিত এ প্রতিপাদ্যের মূল বার্তা হলো কেবল জ্বালানি উৎপাদনই নয়, উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোচ্চ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ইতোমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি মান প্রণয়ন করেছে। সার্বিকভাবে সংস্থাটি এ পর্যন্ত ৪ হাজার ৬৩১টি জাতীয় মান প্রণয়ন ও নিয়মিত আন্তর্জাতিক মানে হালনাগাদ করছে। পাশাপাশি বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জার্মান প্রযুক্তির আধুনিক সান সিমুলেটর ল্যাবরেটরির মাধ্যমে ১ হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষার সক্ষমতা তৈরি করা হয়েছে।
বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা এবং প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে।
এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার, বিটিআরসির মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণ এবং বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।