জাতীয়

আজ বিশ্ব ডাক দিবস

টিএইচটি রিপোর্ট • ৯ অক্টোবর, ২০২৬
আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’।
বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করবে। এ সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি লেখার উৎসব, ডাকটিকিট প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে ডাকসেবার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের বিশ্ব ডাক দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন ডাক অধিদপ্তর প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করছে।
ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহ, ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি বাড়ানো হচ্ছে।
১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক ডাক যোগাযোগ সহজ ও সমন্বিত করার লক্ষ্যে গড়ে ওঠা এ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউর কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭০ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।