অর্থনীতি
বিশ্ব খাদ্য দিবস আজ
টিএইচটি রিপোর্ট • ১৬ অক্টোবর, ২০২৬
আজ ১৬ অক্টোবর (শুক্রবার), বিশ্ব খাদ্য দিবস। ক্ষুধা ও অপুষ্টি দূর করা, সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে বৈশ্বিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর এদিনে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’।কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়। এ দিনটির স্মরণে প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।
১৯৭৯ সালে হাঙ্গেরির তৎকালীন কৃষি ও খাদ্যমন্ত্রী পল রোমানি সংস্থাটির সম্মেলনে বিশ্ব খাদ্য দিবস পালনের প্রস্তাব দেন। পরে প্রতিবছর ১৬ অক্টোবর দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ব খাদ্য দিবসের অন্যতম লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টি দূর করতে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং কৃষি ও খাদ্য উৎপাদনব্যবস্থাকে টেকসই করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কৃষি উন্নয়ন ও ক্ষুধা মোকাবিলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।