জাতীয়

আজ বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস

টিএইচটি রিপোর্ট • ১৭ অক্টোবর, ২০২৬
মানবতাবাদী সাধক বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ।
শনিবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান ও মেলা। পাশাপাশি রাজধানী ঢাকায়ও আয়োজন করা হয়েছে লালন স্মরণ অনুষ্ঠানের।
১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন লালন শাহ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর লালন আখড়াবাড়িতে সমবেত হন ভক্ত ও বাউল-সাধকেরা। একতারা, দোতারা ও খমকের সুরে পরিবেশিত হয় তার গান। গানের আসর ঘিরে শিল্পী ও শ্রোতাদের মধ্যে গড়ে ওঠে ভাবের আদান-প্রদান।
২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ওই বছর থেকেই জাতীয় পর্যায়ে লালন উৎসব উদযাপন শুরু হয়।
লালন শাহের গান ও দর্শন দীর্ঘদিন ধরে বাংলার লোকসংস্কৃতি ও মানবতাবাদী চিন্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তার স্মরণে আয়োজিত এসব অনুষ্ঠানে সংগীত ও আলোচনার মধ্য দিয়ে তার জীবন, দর্শন ও সৃষ্টিকে তুলে ধরা হবে।