অপরাধ
গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের তিন কোটি টাকা লুট
টিএইচটি রিপোর্ট • ১০ অক্টোবর, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর এলাকায় বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে দুটি বস্তায় থাকা তিন কোটি টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাইভেটকার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল।
প্রাইভেটকারটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০-১২টি মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এক পর্যায়ে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের ধারণা তিন কোটি টাকার মতো লুট হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।