জাতীয়

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

টিএইচটি রিপোর্ট • ২১ অক্টোবর, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টা ৫ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
‎এর আগে, ভোর রাত ৫ টার দিকে কঠোর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়। ‎গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুরো পথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।