বিনোদন
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
টিএইচটি রিপোর্ট • ১৪ অক্টোবর, ২০২৬
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের নতুন ছবি ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে ছবি মুক্তির আগেই অন্য একটি কারণে আলোচনায় অভিনেত্রী। ছবিতে যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি বিশেষ কাজে অনুপ্রাণিত হয়েছেন তিনি। তার পরেই ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাশমিকা । আগামী তিন মাস ওই পরিবারগুলির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেত্রী। সেখানে সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। রাশমিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে।
এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন বলে জানান তিনি। তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্য ছাড়া অন্য কেউ এ সম্পর্কে জানতেন না। তবে এবার নিজের উদ্যোগের কথা প্রকাশ করে অন্যদেরও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করতে চান রাশমিকা।
অভিনেত্রী রাশমিকা মান্দানা বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’
এদিকে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।
সিনেমাটিতে যোদ্ধা রণবলীর ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে।