জাতীয়
বট দিয়ে ট্রেনের টিকিট হাতিয়ে কালোবাজারে বিক্রি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
টিএইচটি রিপোর্ট • ৯ অক্টোবর, ২০২৬
স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেফতার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।