জাতীয়

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

টিএইচটি রিপোর্ট • ১৮ অক্টোবর, ২০২৬
পেশাগত উৎকর্ষ সাধন এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পতাকা তুলে দেন।
এ বছর মর্যাদাপূর্ণ এই জাতীয় পতাকা অর্জনকারী ইউনিটগুলো হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।