জাতীয়
সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা
টিএইচটি রিপোর্ট • ১৫ অক্টোবর, ২০২৬
সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন ভিত্তিক বাসা বরাদ্দ কার্যক্রম।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না হওয়ায় বাতিল করা হয়।
সরকারি বাসা বরাদ্দের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বরাদ্দে একটি অসাধু চক্রের প্রভাব এবং ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইনে বাসা বরাদ্দের প্রযুক্তিগত সক্ষমতা ২০২১ সাল থেকেই পরিদপ্তরের ছিল। তবে বিভিন্ন চাপ ও অসাধু চক্রের বাধার কারণে এত দিন এ পদ্ধতি চালু করা সম্ভব হয়নি।
অনলাইন পদ্ধতি চালুর ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজে ফলাফল জানতে পারবেন। এতে ফলাফল পেতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।