আন্তর্জাতিক
ট্রাম্পের বাসভবনের ৯ মাইল দূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
টিএইচটি রিপোর্ট • ২ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চালকসহ উড়োজাহাজটির ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব প্রায় ৯ মাইল।
স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিলো। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিলো বাহামা।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।