জাতীয়
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
টিএইচটি রিপোর্ট • ২৮ অক্টোবর, ২০২৬
মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে।বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে তালিকা থেকে কোনো মেডিকেল সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন প্রতিষ্ঠান যুক্তও হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থায় অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতারণামূলক প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।