জাতীয়
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড
টিএইচটি রিপোর্ট • ১৩ অক্টোবর, ২০২৬
পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন—রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক, সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার এবং প্লটের বরাদ্দপ্রাপ্ত শওকত আজিজ ও আশফাক আজিজ।
মামলার নথি অনুযায়ী, পূর্বাচলে প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশ করে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।
তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।