অপরাধ

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযানে মাদক উদ্ধার, নারীসহ আটক ৮৪

টিএইচটি রিপোর্ট • ২০ অক্টোবর, ২০২৬
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ওই বাড়ি থেকে বিভিন্ন রকমের মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার (পুলিশ হাউজিং-১) ওই বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।