জাতীয়

দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

টিএইচটি রিপোর্ট • ১৫ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে। এজন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি। যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসি’র ২২টি বাস ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রয় ও রিজার্ভের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে জেলার মধ্যে এবং আন্তঃজেলা সার্ভিসের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। যাত্রীসাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।
এই বিশেষ বাস সার্ভিসের জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।