বিনোদন

'ব্ল্যাক ক্লোভার' অ্যানিমে সিরিজের নতুন সিজনের তৃতীয় পর্বটি ইন্টারনেট মুভি ডেটাবেজে ৯.৮ রেটিং অর্জন

টিএইচটি রিপোর্ট • ১৮ অক্টোবর, ২০২৬
প্রায় সাড়ে পাঁচ বছরের বিরতি শেষে নতুন পর্ব নিয়ে ফিরেছে জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ব্ল্যাক ক্লোভার’। সিরিজটির আগের টেলিভিশন সম্প্রচার শেষ হয়েছিল ২০২১ সালের মার্চে। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ৩ অক্টোবর দ্বিতীয় সিজনের সম্প্রচার শুরু হয়। এর সর্বশেষ পর্ব অ্যানিমেশন, সংগীত ও লড়াইয়ের দৃশ্যের জন্য প্রশংসা পেয়েছে।
দ্বিতীয় সিজনের তৃতীয় পর্ব ‘দ্য ব্ল্যাক গার্ডিয়ান’ মুক্তি পায় ১৭ অক্টোবর। পর্বটি ১০-এর মধ্যে ৯.৮ রেটিং পেয়েছে বলে অনলাইনে আলোচনা চলছে।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ফ্যানডমওয়্যার নিজেদের পর্যালোচনায় পর্বটিকে ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছে। অ্যানিমেশন ও সংগীতের প্রশংসার পাশাপাশি প্রধান চরিত্রের নতুন শক্তির ব্যবহারকে পর্বটির অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরেছেন পর্যালোচক।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে আস্তা নামের এক তরুণ যোদ্ধাকে ঘিরে। সে এমন এক কাল্পনিক জগতে বাস করে, যেখানে অধিকাংশ মানুষ জাদু ব্যবহার করতে পারে। জন্মগতভাবে জাদুশক্তি না থাকলেও আস্তার বিশেষ একটি ক্ষমতা রয়েছে, যা অন্যের জাদু নিষ্ক্রিয় করতে পারে। সর্বশেষ পর্বে এই ক্ষমতা ব্যবহার করে সে একটি বিশাল দানবের হাত থেকে নিজের রাজ্যকে রক্ষা করে। অন্যদিকে তার সঙ্গীরা শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নিজেদের বন্দী দলনেতাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়।
অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান স্টুডিও পিয়েরোর তৈরি সিরিজটির নতুন পর্ব প্রতি সপ্তাহে প্রকাশিত হচ্ছে। ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রাঞ্চিরোলে দ্বিতীয় সিজনটি দেখা যাচ্ছে।