জাতীয়
আজ বিজয়া দশমী, বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
টিএইচটি রিপোর্ট • ২১ অক্টোবর, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বুধবার (২১ অক্টোবর) দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মর্ত্যলোকের ভক্তদের আশীর্বাদ দিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে স্বামীগৃহে।ছয়দিনব্যাপী পূজার নানা আচার-অনুষ্ঠান, ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস, ঢাকঢোলের বেজে ওঠা আর আলো ঝলমলে সাজসজ্জার সমাপ্তি ঘটছে আজকের দিনে। তাই মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা।
বিজয়া দশমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হবে। পরে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।