জাতীয়
চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
টিএইচটি রিপোর্ট • ৯ অক্টোবর, ২০২৬
যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের জন্য চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনের পর নগরবাসীর জন্য এই সাইকেল ট্র্যাক উন্মুক্ত করে দেওয়া হবে।বৃহস্পতিবার সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি চার লেনের। সড়কের উভয় পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।
নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।