জাতীয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ২৭৭ কারখানায় ছুটি

টিএইচটি রিপোর্ট • ১ নভেম্বর, ২০২৬
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে এই তিন এলাকায় অন্তত ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ও গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
রবিবার (১ নভেম্বর) বিকেলের দিকে মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে সাভার-আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরে ১০০ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী মাঠে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয়ে গঠিত যৌথ দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে।