খেলা
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
টিএইচটি রিপোর্ট • ৭ অক্টোবর, ২০২৬
শেষ হলো লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি অধ্যায়। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।আর এই তিন গোলের প্রতিটিতেই অবদান রাখলেন মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি করালেন আরো দুইটি গোল।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে যায়। ৪৮তম মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। গোল করার দুই মিনিট পরই এই অভিজ্ঞ ডিফেন্ডারকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় সতীর্থ ও দর্শকদের কাছ থেকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পান তিনি।
এরপর ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগো দি পল ও জুলিয়ান আলভারেককে তুলে নিয়ে নিকো পাজ ও নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান আলবিসেলেস্তে কোচ। আর মাঠে নামার এক মিনিটের মধ্যেই সেই আস্থার প্রতিদান দেন নিকো পাজ। মেসির অ্যাসিস্টে বলে নিজের প্রথম স্পর্শেই জালের দেখা পেয়ে যান ২২ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। বাম দিক থেকে মেসির বাড়ানো নিখুঁত পাস ধরে বক্সের দিকে ঘুরে অসাধারণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ইতালিয়ান ক্লাব কোমোর এই তারকা।
জোড়া অ্যাসিস্টের পর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক মেসিও। ৭১ মিনিটে বেনিন বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। বল স্পটে বসিয়ে জোরাল গতিতে ওপরের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি, যেখানে বেনিন গোলকিপারের ঝাঁপ দেওয়াটাই ছিল ব্যর্থ চেষ্টা। জাতীয় দলের জার্সিতে নিজের ১২৬তম এই গোলের পর মেসিকে মাঝে রেখেই কেন্দ্রবৃত্তে দাঁড়িয়ে উল্লাসে মাতেন সতীর্থরা।
বেনিনের বিপক্ষে স্মরণীয় ম্যাচে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসির দল আর্জেন্টিনা।