জাতীয়
দেশে ফিরেছেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
টিএইচটি রিপোর্ট • ২০ অক্টোবর, ২০২৬
কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার (বন্দিশালা) থেকে মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
জানা গেছে, চাকরির আশায় কম্বোডিয়ায় গিয়ে দেশটির বিভিন্ন স্ক্যাম সেন্টারে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। পরে কম্বোডিয়া সরকার বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ দিলে তারা দেশে ফিরতে নাম তালিকাভুক্ত করেন।
সে অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর তারা কম্বোডিয়ার রাজধানী নমপেন বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ইমিগ্রেশন চেকিংয়ের সময়ে অবৈধ অবস্থান ও অন্যান্য জটিলতায় ইমিগ্রেশন পুলিশ ৩২ জনকে আটক করে। পরে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
এরপর অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
ধাপে ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দেশে ফিরেছেন তারা।