জাতীয়
নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪
টিএইচটি রিপোর্ট • ২০ অক্টোবর, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের সরকারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে ৮টায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
জানা গেছে, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।